বাংলাদেশ প্রেস ফটো প্রদর্শনী শুরু
‘গাছ লাগানোর ছবি তুললে খুশি, দমন-পীড়নের ছবি তুললেই আক্রমণ’

বাংলাদেশ প্রেস ফটো প্রদর্শনী
‘রাজনীতিবিদরা যখন গাছ লাগান, আমরা তার ছবি তুললে তারা সন্তুষ্ট হন। আবার তারা যখন দমন-পীড়ন চালান, সেই ছবি তুলতে গেলে আমাদের ওপর চড়াও হন। আলোকচিত্র সাংবাদিকদের কাজের যথাযথ মূল্যায়ন হয় না।’ শুক্রবার বাংলাদেশ প্রেস ফটো প্রদর্শনী ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেছেন আলোকচিত্রী শহিদুল আলম।
দৃক পিকচার লাইব্রেরির আয়োজনে রাজধানীর পান্থপথের দৃকপাঠ ভবনে শুরু হয়েছে ‘বাংলাদেশ প্রেস ফটো প্রদর্শনী ২০২৬’। উদ্বোধনী অনুষ্ঠানে শহিদুল আলম বললেন, ‘আলোকচিত্র সাংবাদিকদের অবদানকে সামনে আনতেই এ আয়োজন।’
এবারের প্রতিযোগিতায় ‘পিকচার অব দ্য ইয়ার’ (বর্ষসেরা আলোকচিত্র ২০২৫)’ পুরস্কার অর্জন করেছেন দৈনিক প্রথম আলোর ডেপুটি হেড অব ফটোগ্রাফি সাজিদ হোসেন।
চলতি বছরের জুনে ২০২৫ সালে তোলা ছবি আহ্বানের মাধ্যমে প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২০২ জন আলোকচিত্র সাংবাদিক রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রাণ-প্রকৃতি ও তথ্যচিত্র— বিভিন্ন বিষয়ে প্রায় ১ হাজার ৬০০টি ছবি জমা দেন। সেখান থেকে নির্বাচিত ৩২টি আলোকচিত্র নিয়ে সাজানো হয়েছে এবারের প্রদর্শনী।
জনমুখী সাংবাদিকতা ও রাজনীতি বিভাগে বিজয়ী হয়েছেন মো. মাজহারুল ইসলাম এবং বিশেষ সম্মাননা পেয়েছেন মো. মাহমুদ জামান। শিল্প, সংস্কৃতি ও ক্রীড়া বিভাগে বিজয়ী হয়েছেন তানভীন তামিম এবং বিশেষ সম্মাননা পেয়েছেন আব্দুল গনি।
বর্ষসেরা আলোকচিত্রীকে ১ লাখ টাকা, প্রতিটি বিভাগের বিজয়ীকে ৫০ হাজার টাকা এবং বিশেষ সম্মাননা বিজয়ীদের ১০ হাজার টাকা করে সম্মাননা, স্মারক ও সনদ দেওয়া হয়।
এবারের ‘আদিবাসী জনগোষ্ঠী গ্র্যান্ট ২০২৬’ অর্জন করেছেন বান্দরবানের আদিবাসী আলোকচিত্রী মং হাই সিং মারমা। প্রদর্শনীতে স্থান পেয়েছে ২০২৫ সালের গ্র্যান্টজয়ী জাজং নকরেক-এর আলোকচিত্র। গ্র্যান্টের আওতায় মং হাই সিং মারমা আর্থিক সহায়তা, বছরব্যাপী মেন্টরশিপ এবং আগামী বছরের বাংলাদেশ প্রেস ফটো প্রদর্শনীতে নিজের কাজ প্রদর্শনের সুযোগ পাবেন।
এবারের প্রতিযোগিতার বিচারক ছিলেন বুদ্ধজ্যোতি চাকমা, দীনা হোসাইন, মুনির উজ জামান এবং শহিদুল আলম। বিচারকদের পক্ষে বুদ্ধজ্যোতি চাকমা ও দীনা হোসাইন বক্তব্য দেন। বুদ্ধজ্যোতি চাকমা বলেন, এবারের প্রতিযোগিতায় আদিবাসী আলোকচিত্রীদের অংশগ্রহণ এবং ছবিগুলোতে নারীদের শক্তিশালী রাজনৈতিক উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়।
বিশেষ অতিথির বক্তব্যে গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান এবং দ্য ডেইলি স্টারের কনসালটিং এডিটর কামাল আহমেদ গণমাধ্যমকর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
প্রদর্শনীটি কিউরেশন করেছেন দৃকের জেনারেল ম্যানেজার এএসএম রেজাউর রহমান, যিনি উদ্বোধনী অনুষ্ঠানও সঞ্চালনা করেন। ১৩ দিনব্যাপী এ প্রদর্শনী আগামী ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।




