প্রথম জাতীয় সম্মেলন
বেসরকারি গ্রন্থাগার সংহতির নতুন নেতৃত্বে শাহনেওয়াজ-জহির

ছবি: আগামীর সময়
দেশের বেসরকারি গণগ্রন্থাগারের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত 'বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতি’র প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এই সম্মেলনে সারা দেশের পাঠাগারের প্রতিনিধিরা অংশ নেন। শতাধিক বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধিরা জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির বার্তা বাহক শ্বেত পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন।
প্রথম অধিবেশনে বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতি’র আহ্বায়ক মোহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জহির উদ্দিনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব মফিদুল হক ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।
দ্বিতীয় অধিবেশনে সারা দেশ থেকে আগত শতাধিক বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধিবৃন্দের সমন্বয়ে সাবজেক্ট কমিটি গঠন করা হয়। পরে সাবজেক্ট কমিটি মোহাম্মদ শাহনেওয়াজকে সভাপতি ও মো. জহির উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে তিন বছর মেয়াদী ৩৩ সদস্য বিশিষ্ট জাতীয় কমিটি গঠন করে। এ ছাড়া জাতীয় কমিটি ও গঠনতন্ত্র দ্বিতীয় অধিবেশনে অনুমোদিত হয়।
সম্মেলনে অংশ নেন শতবর্ষী গ্রন্থাগার যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শেখ জুলফিকার আলী, গাইবান্ধা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, পুরান ঢাকার গ্রন্থবিতানের সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন, লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হলের সাধারণ সম্পাদক অধ্যাপক মাইন উদ্দিন পাঠান, সীমান্ত গ্রন্থাগারের সদস্য সচিব মানজার চৌধুরী সুইট, রাণীহাট সাধারণ পাঠাগারের সভাপতি মুজিবুর রহমান প্রমুখ।






