চর্যাগান, আবৃত্তি ও পাঠ আলোচনা ‘এক রূপে বহুরূপী’

সংগৃহীত ছবি
ভাবনগর ফাউন্ডেশনের আয়োজনে ‘এক রূপে বহুরূপী’ শিরোনামে চর্যাগান, আবৃত্তি এবং রাজীব দাশের কবিতাভুবন নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল শনিবার সকাল ১০টায় বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে এই অনুষ্ঠান হবে।
এতে চর্যাগান পরিবেশন করবেন ভাবনগর সাধুসঙ্গের সাধকশিল্পী শাহ আলম দেওয়ান, সাধিকা সৃজনী তানিয়া, বাউল অন্তর সরকার, শিলা মল্লিক, আনিস মুন্সী ও ফতেহ কালাম। কবিতা আবৃত্তি করবেন নূরুননবী শান্ত ও ফাতিমা বিনি। পরে রাজীব দাশের কবিতা ও সামগ্রিক কাব্যচর্চা নিয়ে প্রবন্ধ পাঠ করবেন গবেষক ও সাহিত্যবিশ্লেষক হাসান দবির উদ্দিন এবং নাট্যকার ও গবেষক শরণ এহসান।
আলোচনায় অংশ নেবেন কবি, প্রাবন্ধিক ও অনুবাদক শাহেদ কায়েস, বাংলা একাডেমির সহপরিচালক, কবি ও গবেষক আসাদ আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক, কথাসাহিত্যিক ও গবেষক গওহর গালিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও গবেষক জোবায়ের আবদুল্লাহ।
অনুষ্ঠানের শেষপর্বে নিজের কবিতাভুবন, সৃষ্টিপ্রক্রিয়া ও কাব্যভাবনা নিয়ে অভিব্যক্তি প্রকাশ করবেন কবি রাজীব দাশ।




