ফের আসছে ‘সখী রঙ্গমালা’

সংগৃহীত ছবি
নাট্যসংগঠন বটতলা আবারও ‘সখী রঙ্গমালা’ নিয়ে মঞ্চে আসছে। বুধ ও বৃহস্পতিবার সন্ধ্যায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হবে।
এই আখ্যানের শিকড় বোনা আছে নোয়াখালী অঞ্চলের ‘চৌধুরীর লড়াই’-এ। প্রজন্মান্তরে বহু লোকশ্রুত ও নন্দিত এই লোকজ আখ্যান নতুন ভাষ্য পায় শাহীন আখতারের ‘সখী রঙ্গমালা’ উপন্যাসে।
উপন্যাসের এই মঞ্চভ্রমণের পরিসর রচনা করতে ‘সখী রঙ্গমালা’র নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার। মঞ্চে নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। এটি বটতলার ১৭তম প্রযোজনা।
নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের প্রণোদনায় ২০২৩ সালের ২৪ জানুয়ারি নাটকটি মঞ্চে আসে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—কাজী শামস্ তাথৈ, মাহবুব মাসুম, কাজী রোকসানা রুমা, ওলিয়েন্ডার রিমা, শাহিনূর আক্তার প্রীতি, রিশাদুর রহমান রিশাদ, আশরাফুল ইসলাম অশ্রু, তৌফিক হাসান ভূঁইয়া, নিরঞ্জন দাস, লোচন পলাশ, লায়েকা বশীর, নাজিফা তাসনিম খানম তিশা, হামিদুল হিল্লোল, অন্তু, সৃষ্টি, আফনান, ঝুমা, মুন প্রমুখ।
বটতলা নাটকের মধ্য দিয়ে সর্বপ্রাণের অধিকারের কথা বলে। দলটির সকলে বিশ্বাস করে, ভালোবাসাই বেঁচে থাকার শক্তি—সে ভালোবাসা মানুষে-মানুষে হোক কিংবা মানুষে-প্রকৃতিতে।
নাটকটির নির্দেশক মোহাম্মদ আলী হায়দার বলেছেন, ভালোবাসা বা প্রেমের কোনো গণ্ডি নেই, একে কোনো বিশেষ ছকে বাঁধা যায় না। বরং ভালোবাসাতেই কেবল মুক্তি আসে—তেমন এক দর্শন নিয়ে, নারী-পুরুষ বা ক্ষমতার রাজনীতির বাইরে দাঁড়িয়ে ভিন্ন রাজনীতিও যে জীবনের জন্য মুখ্য হয়ে উঠতে পারে, ‘সখী রঙ্গমালা’ ঠিক তেমনই এক আভাস দিয়ে যাবে দর্শকের মনে।



