ঢাকায় চলছে অরিগামি উৎসব, প্রদর্শনী ১৪ নভেম্বর পর্যন্ত

কুন ক্রিয়েটিভ স্টুডিওর উদ্যোগে আয়োজিত হয় ফোল্ড ফেস্ট। ছবি: সংগৃহীত
কাগজ ভাঁজের শিল্প অরিগামিকে ঘিরে ঢাকায় চলছে ‘দ্য ফোল্ড ফেস্ট বাংলাদেশ’। কুন ক্রিয়েটিভ স্টুডিওর উদ্যোগে আয়োজিত এ উৎসবে কর্মশালা, অনলাইন প্রতিযোগিতা, শিল্পকর্ম তৈরি ও আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি চলছে সম্মিলিত অরিগামি শিল্পকর্মের প্রদর্শনী।
২৪ অক্টোবর শুরু হওয়া এ অরিগামি উৎসবটি বিশ্ব অরিগামি দিবস ২০২৬-এর সঙ্গে মিলিয়ে আয়োজন করা হয়। উৎসবের প্রতিপাদ্য ‘ভাঁজ করো, সৃষ্টি করো, উদ্যাপন করো’।
উৎসবের শুরুতে ২৪ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত কুন ক্রিয়েটিভ স্টুডিওতে আয়োজন চলে উন্মুক্ত অরিগামি কার্যক্রম। এতে শিশু, অভিভাবকসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নিয়ে কাগজ ভাঁজ করে নানা মডেল তৈরি করেন।
এ ছাড়া ‘ওয়ান শিট, ওয়ান মডেল’ শীর্ষক অনলাইন অরিগামি চ্যালেঞ্জের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীদের একটি কাগজ ব্যবহার করে নিজেদের পছন্দমতো অরিগামি মডেল তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের আহ্বান জানানো হয়। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের অরিগামিপ্রেমীরা উৎসবে যুক্ত হওয়ার সুযোগ পান।
৩০ অক্টোবর শিশু-কিশোরদের এবং ৩১ অক্টোবর সব বয়সী মানুষের জন্য দুই দিনব্যাপী অরিগামি কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা নিজেদের সৃজনশীলতা অনুযায়ী বিভিন্ন মডেল তৈরি করেন। পাশাপাশি কুন ক্রিয়েটিভ স্টুডিওর প্রশিক্ষকদের কাছ থেকে প্রজাপতি, সারস ও নৌকাসহ বিভিন্ন মডেল তৈরির কৌশল শেখেন।
উৎসবের সম্মিলিত শিল্পকর্ম তৈরির উদ্যোগ ‘দ্য কালেকটিভ ফোল্ড’-এ অংশ নেওয়ার সুযোগ ছিল ২৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত। এ সময় আগ্রহীরা নিজেদের তৈরি অরিগামি মডেল জমা দেওয়ার পাশাপাশি স্টুডিওতে এসে সম্মিলিতভাবে শিল্পকর্ম তৈরিতে অংশ নেন।
গত ৭ নভেম্বর অরিগামির ইতিহাস, সম্ভাবনা, সংস্কৃতি ও শিল্প নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্বজনীন ভাষা হিসেবে কাগজ ভাঁজের শিল্পের ভূমিকা ও বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার নিয়ে আলোচনা হয়।
উৎসবের অন্যতম আকর্ষণ ‘দ্য কালেকটিভ ফোল্ড’ শীর্ষক সম্মিলিত অরিগামি শিল্পকর্ম প্রদর্শনী। এতে বিভিন্ন অরিগামি স্থাপনা, ভাস্কর্য এবং দৈনন্দিন জীবনে অরিগামির ব্যবহার ও সম্ভাবনা নিয়ে চিত্রভিত্তিক উপস্থাপনা রয়েছে। প্রদর্শনীটি ৯ নভেম্বর শুরু হয়েছে, চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।
আয়োজকদের ভাষ্য, অরিগামিকে শুধু বিনোদনের জন্য কাগজ ভাঁজের কৌশল হিসেবে নয়, বরং শিল্প, গণিত, নকশা, স্থাপত্য, শিক্ষা ও সৃজনশীল চিন্তার বহুমাত্রিক মাধ্যম হিসেবে তুলে ধরাই তাদের লক্ষ্য। একই সঙ্গে শিশু, তরুণ, অভিভাবক, শিল্পী ও অরিগামিপ্রেমীদের জন্য অংশগ্রহণমূলক সৃজনশীল পরিসর তৈরি এবং বাংলাদেশে অরিগামি চর্চার প্রতি আগ্রহ বাড়াতে চান তারা।
প্রদর্শনীটি ঢাকার হাজারীবাগের জিগাতলার তেলাগাছতলায় আমিন ট্যানারির দ্বিতীয় তলায় অবস্থিত কুন ক্রিয়েটিভ স্টুডিওতে অনুষ্ঠিত হচ্ছে। ১৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিনা মূল্যে সবার জন্য উন্মুক্ত থাকবে এটি।







