পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না, শুধু আসবে শীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ফাইল ছবি
‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন না’ সাফ জানিয়ে দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। করলেন রসিকতাও। বললেন, ‘ডিসেম্বরে একমাত্র শীত আসবে’। সাংবাদিকদের শীতের পোশাক কেনার পরামর্শও দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আজ বৃহস্পতিবার শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব এভাবেই দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার একমাত্র পথ প্রত্যর্পণ চুক্তি। এ ছাড়া আর কোনো পথ নেই, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
‘শেখ হাসিনা সাধারণ নাগরিকের পর্যায়ে পড়েন না, তিনি অপরাধী শ্রেণির আওতাভুক্ত। তাই প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ভারতের কাছ থেকে হস্তান্তর করতে হবে’
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই হাসিনাকে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী
২৬ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সাধারণ নাগরিকের স্বেচ্ছায় কোনো দেশে আসা এবং অপরাধীদের প্রত্যর্পণের বিষয় দুটি আলাদা। এক্ষেত্রে শেখ হাসিনা অপরাধী শ্রেণির আওতায় পড়েন। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে হস্তান্তর করতে হবে।
তিনি বলেন, ‘শেখ হাসিনা অপরাধী। তার ফিরে আসার একমাত্র পথ প্রত্যর্পণ চুক্তি। তাকে ফিরিয়ে আনা নয়, হস্তান্তর করতে হবে।’
ভারতের কাছে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অন্য নেতাকর্মীদের ফেরত চেয়ে বাংলাদেশ অনুরোধ জানিয়েছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশ থেকে লুটপাট ও মানুষ হত্যার অভিযোগে পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফেরত চাওয়া হয়েছে। শহীদ হাদির হত্যাকারীরাও ভারতে রয়েছে বলে দাবি করেন তিনি। এসব ব্যক্তিকে প্রত্যর্পণ চুক্তির আওতায় হস্তান্তরের জন্য বাংলাদেশ অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
ভারতের মাটিতে শেখ হাসিনার অবস্থান প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, একজন সন্ত্রাসীকে তাদের সার্বভৌম ভূখণ্ডে রাখার চ্যালেঞ্জ ও অসুবিধা ভারতও উপলব্ধি করছে। বিষয়টি ভারতের জন্যও অস্বস্তিকর হয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রীর ভাষায়, শেখ হাসিনাকে নিয়ে অপ্রয়োজনীয় বিরক্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, সাধারণ নাগরিকদের জন্য একটি নীতি এবং অপরাধীদের জন্য আরেকটি নীতি রয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তিই প্রযোজ্য।
এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন। আগামী ১৬ই ডিসেম্বর দেশে ফিরতে চান। শেখ হাসিনার একজন মুখপাত্রের বরাত দিয়ে গত মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে রয়টার্স।
এই ঘোষণার পর পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফেরানো হবে।




