শাপলা চত্বরে হত্যাযজ্ঞ
তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, শেখ হাসিনা-আজিজসহ আসামি ৪১

শেখ হাসিনা। ফাইল ছবি
শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। এতে আসামি করা হয়েছে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজসহ ৪১ জনকে।
এ ছাড়াও মামলার আসামিদের মধ্যে রয়েছেন- একাত্তর টিভির সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, বেসরকারি টেলিভিশনটির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা ও সাংবাদিক শাহরিয়ার কবীর। সেই সঙ্গে আসামি করা হয়েছে তৎকালীন পুলিশ ও র্যাব প্রধানসহ ডিএমপি কমিশনারকেও।
আজ রবিবার (১৯ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনটি হাতে পায় প্রসিকিউশন।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, তদন্ত সংস্থা এরই মধ্যে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে। বর্তমানে চলছে পর্যালোচনা। ২১ জুলাই নির্ধারিত সময়েই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
চিফ প্রসিকিউটরের তথ্য মতে, তদন্তে এখন পর্যন্ত শুধু ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের কাজ চূড়ান্ত পর্যায়ে থাকায় প্রকৃত নিহতের সংখ্যা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।
এদিকে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের মামলার অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান দলটির শীর্ষ নেতাসহ ১০ থেকে ১৫ জনের একটি দল।
আজ সকালে দলটির সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদের নেতৃত্বে ওই প্রতিনিধি দল চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি মীর ইদ্রিসসহ অন্য নেতারা ছিলেন।
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে সমাবেশ করে হেফাজত। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে শাপলা চত্বর খালি করে। ওই অভিযানে বহু মানুষ নিহত হওয়ার অভিযোগে বর্তমানে তদন্ত চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।




