শেখ হাসিনার সাবেক পিওন জাহাঙ্গীরের ভাগ্নে শিপন রিমান্ডে

আদালত প্রাঙ্গণে মো. মাসুদুর রহমান শিপন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিওন জাহাঙ্গীর আলমের ভাগ্নে ও নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. মাসুদুর রহমান শিপনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তুরাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।
এদিন শিপনকে আদালতে হাজির করে রিমান্ড শুনানি শুরু হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন তার সর্বোচ্চ রিমান্ডের আবেদন জানান।
তিনি বলেন, শেখ হাসিনার পিওন জাহাঙ্গীর ৪০০ কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন। সেই জাহাঙ্গীরের ভাগ্নে শিপনের ঢাকা শহরকে অস্থিতিশীল করার ক্ষেত্রে ভূমিকা রয়েছে। এ মামলায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত শিপনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১২ নভেম্বর শিপনকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
কারাগারে থাকা অবস্থায় গত ১৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হক তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। সেদিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য ২৫ নভেম্বর তারিখ নির্ধারণ করেন আদালত।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২১ অক্টোবর তুরাগ থানার ১৫ নম্বর সেক্টরের উত্তরা সেন্টার মেট্রোস্টেশনের নিচে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে সমবেত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা সরকারবিরোধী স্লোগান দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় দুজনকে গ্রেপ্তার করে।
মামলার অভিযোগে বলা হয়, জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা সরকারবিরোধী স্লোগান ও ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং রাষ্ট্রের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্নিত করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন।




