সাঈদ খোকনের আরও ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন

ফাইল ছবি
কিশোর মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সুজন হক এই আবেদন করেন।
এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ এ তথ্য জানিয়েছেন। এর আগে ধানমন্ডি থানার এই মামলায় সাইদ খোকনের ৭ দিনের রিমান্ড দিয়েছিলেন আদালত।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এ মামলার ২৯ নং এজাহারনামীয় আসামি হলেন সাঈদ খোকন।



