ককটেল বিস্ফোরণ: মনিরুলের স্ত্রীর ৫, দুই শ্যালকের তিন দিনের রিমান্ড

সংগৃহীত ছবি
ককটেল বিস্ফোরণের ঘটনায় বিমানবন্দর থানায় করা মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানাকে পাঁচ দিন এবং তার দুই শ্যালকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া অন্য দুই আসামি হলেন মনিরুল ইসলামের শ্যালক রেজাউল আলম শাহীন ও বুলবুল মিয়া।
এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা গোয়েন্দা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পরিদর্শক গোলাম মর্তুজা প্রথমে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন। তবে পরবর্তী সময়ে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিদের পক্ষে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সায়লা ফারজানাকে পাঁচ দিন এবং শাহীন ও বুলবুলকে তিন দিনের রিমান্ডের আদেশ দেয়।
এর আগে শনিবার গভীর রাতে সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা ও তার ভাই রেজাউল আলম শাহীনকে মিরপুর ডিওএইচএস থেকে এবং তাদের ভাই বুলবুল মিয়াকে মিরপুর ১৫ নম্বরের বিজয় রাকিন সিটি থেকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ।
মামলার বিবরণে বলা হয়, গত ১৭ নভেম্বর রাত ১টার দিকে অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জন বিমানবন্দরের গোলচত্বর এলাকায় তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটান। তাদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন সদস্য ছিলেন।
বিস্ফোরণের ঘটনায় চারজন আহত হন। পরে বিমানবন্দর থানায় সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করে পুলিশ।



