অর্থপাচার মামলায় দিলীপ কুমার আগারওয়ালার রিমান্ড চেয়ে আবেদন

ফাইল ছবি
অর্থপাচারের অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালার তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির উপপরিদর্শক মো. আশরাফুল হাসান এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে শুনানি হবে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার করে র্যাব। পরবর্তীতে তিনি ২০২৫ সালের ১ অক্টোবর অত্যন্ত গোপনীয়তার সঙ্গে জামিন পেয়ে কারামুক্ত হন। এ নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠে। তার কারামুক্তির এক বছর পর সোমবার সন্ধ্যায় বনানী থেকে মানিলন্ডারিং মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণে বলা হয়েছে, ডায়মন্ড ওয়ার্ল্ড ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়। তার মালিকানাধীন প্রতিষ্ঠান ২০০৬ সালের ৬ এপ্রিল থেকে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৮ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার, স্বর্ণবার, স্বর্ণ, ডায়মন্ড ও অলংকারসহ অন্যান্য দ্রব্যাদি বৈধভাবে বিদেশ থেকে এলসির মাধ্যমে আমদানি করেন।
অন্যদিকে বিভিন্ন সময়ে স্থানীয় বাজার থেকে ক্রয়, বিনিময় বা পরিবর্তনের মাধ্যমে মোট ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার টাকার মূল্যের স্বর্ণ ও ডায়মন্ড সংগ্রহ করেন। তবে এসব স্বর্ণ ও ডায়মন্ড পণ্য কার কাছ থেকে কিনেছেন বা কোন উৎস হতে পেয়েছেন— তার কোনো বৈধ কাগজপত্র সিআইডির অনুসন্ধানকারী কর্মকর্তা কাছে উপস্থাপন করতে পারেননি।
মামলার বিবরণে আরও বলা হয়, তিনি ৬৭৮ কোটি ১৯ লাখ ১৪ হাজার টাকার স্বর্ণ ও ডায়মন্ড অবৈধ চোরাকারবারের মাধ্যমে অর্জন করে মানিলন্ডারিং করেছেন। এ ঘটনায় ২০২৫ সালের ১৭ নভেম্বর সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আসাদুজ্জামান শেখ বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন।



