দ্বৈত পেশায় আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি গঠনের নির্দেশ

গ্রাফিকস: আগামীর সময়
দ্বৈত পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ বার কাউন্সিলকে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে দ্বৈত পেশায় নিয়োজিত আইনজীবীদের সনদ সমর্পণ না করে আইন পেশা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সতর্কবার্তা দিয়ে বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছেন আদালত।
এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ও শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
অবিলম্বে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান, বার কাউন্সিলের কমপ্লেইন ও ভিজিল্যন্স কমিটির চেয়ারম্যান এবং বার কাউন্সিলের রুল অ্যান্ড এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান এবং বার কাউন্সিলের সচিবকে এসব নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন আদালত।
এক রিট আবেদনের শুনানি শেষে বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
যে সমস্ত আইনজীবী সনদ সমর্পণ না করেই চাকরি, ব্যবসা বা অন্য কোনো পেশায় নিয়োজিত আছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধগত কর্তৃত্ববর্হিভূত ও বেআইনি ঘোষণা করা হবে, তা জানতে চাওয়া হয় রুলে।
চার সপ্তাহের মধ্যে আইন, বিচার ও সংসদবিষয়ক সচিব, বাংলাদেশ বার কাউন্সিলের সচিব, বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান, বার কাউন্সিলের কমপ্লেইন ও ভিজিল্যন্স কমিটির চেয়ারম্যান এবং বার কাউন্সিলের রুল অ্যান্ড এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যানকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটকারী আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিয়াউর রহমান খান।
পরে আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, ‘বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স রুলস অ্যান্ড অর্ডার অনুযায়ী আইনজীবী সনদ সমর্পণ না করে অন্যকোনো পেশায় বা ব্যবসায় নিযুক্ত থাকা শৃঙ্খলা পরিপন্থী ও বেআইনি।’
এর আগে গত ২৬ অক্টোবর আইন পেশার সনদ নিয়ে আইন পেশা ছাড়া চাকরি বা ব্যবসা ও অন্যান্য পেশায় নিয়োজিত আছেন সেসব আইনজীবী, তাদের বিষয়ে আইন ও বিধি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে এই আইনজীবী রিট আবেদনটি করেন। তারও আগে ২০১৯ ও ২০২৩ সালে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে বার কাউন্সিল বরাবরে পৃথক আবেদন করেছিলেন এ আইনজীবী।
এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় চলতি বছরের ১২ আগস্ট বিবাদীদের প্রতি আইনি নোটিস পাঠানো হয়। তবে নোটিসের বিষয়ে কোনো সাড়া না পেয়ে গত ২৬ অক্টোবর হাইকোর্টে রিট করেন তিনি।



