প্রশ্নফাঁসে আলোচিত গাড়িচালক আবেদের ছেলের ৪ বছরের কারাদণ্ড

ছবি: আগামীর সময়
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁসকাণ্ডে আলোচিত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তাকে দণ্ড দেওয়া হয় ৩১ লাখ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায়।
আজ বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর ঘোষণা করেন এ রায়।
সিয়ামকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ভোগ করতে হবে ৬ মাসের সশ্রম কারাদণ্ড। একই সঙ্গে তার জ্ঞাত বর্হিভূত সম্পদের ৩১ লাখ ৮১ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।
এদিন কারাগারে আটক আসামি সিয়ামকে হাজির করা হয় আদালতে। বেলা ১১টা ৯ মিনিটে বিচারক এজলাস উঠেন। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন সিয়াম। তার উপস্থিতিতে বিচারক রায় পড়া শুরু করেন। রায় পড়া শেষে বেলা ১১টা ২০ মিনিটে তার বয়স ও সম্পদের পরিমাণ বিবেচনায় দুদকের আইন অনুযায়ী দোষী সাব্যস্ত করে তার চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে ফের কারাগারে পাঠানো হয়েছে।
২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে গত বছরের ৫ জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ কমিশনের উপসহকারী পরিচালক জাকির হোসেন মামলা করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন উপসহকারী পরিচালক জাকির হোসেন।
অভিযোগপত্রে তার জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য উল্লেখ করা হয়।
গত ১৭ জুন এ মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলাকালে ১১ সাক্ষীর সবার সাক্ষ্য নেন বিচারক।
গত ২৪ সেপ্টেম্বর আত্মপক্ষ শুনানিতে সিয়াম নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। গত ৩০ সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ১৫ অক্টোবর দিন ধার্য করা হয়।



