বিএসবির খায়রুলের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক

গ্রাফিকস: আগামীর সময়
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের স্বত্ত্বাধিকারী খায়রুল বাশার বাহারের প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোক করা হয়েছে। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের প্রেক্ষিতে সিনিয়র স্পেশাল জজ আদালত উক্ত সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন।
আজ রবিবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, খায়রুল বাশার বাহার ও তার সহযোগিদের পারস্পরিক যোগসাজশে সাধারণ ছাত্র-ছাত্রীদের যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার জন্য স্বল্প খরচে দ্রুত সময়ের মধ্যে পাঠানোর চটকদার বিজ্ঞাপন দেখিয়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। প্রতারণার মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের সত্যতা পাওয়ায় গত বছরের ৪ মে তার বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মানিলন্ডারিং মামলা দায়ের করা হয়। পরে গত ১৪ জুলাই ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার হন খায়রুল বাশার।
জসীম উদ্দিন খান জানান, মামলার তদন্তে উঠে আসে খায়রুল বাসার প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে বড় স্ত্রীর নামে ভাটারা এলাকায় একটি ফ্ল্যাট, ২য় স্ত্রী কানিজ ফাতেমা প্রকাশ ডোনার নামে শেলটেক বিথীকা প্রকল্পে একটি ফ্ল্যাট ও নিজ নামে রাজাবাজার এলাকায় দুইটি ফ্ল্যাট এবং রাজধানীর আজিজ সড়কে দুই বাড়িসহ তার নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে মোট ৩৪৮২.৫ শতাংশ কেনে। যার মূল্য প্রায় ৩৩ কোটি টাকা। এই সম্পদ ক্রোক করা ছাড়াও মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। তার নামে দেশের বিভিন্ন স্থানে স্থাবর-অস্থাবর সম্পত্তির সন্ধান করা হচ্ছে।




