চেম্বার বিচারপতির আদেশ
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ডের কার্যক্রমে বাধা নেই

সুপ্রিম কোর্ট
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নবগঠিত ট্রাস্টি বোর্ডের কার্যক্রমে আর কোনো বাধা নেই। বোর্ডের কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আবার স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। ফলে গত ২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পুনর্গঠন করা ট্রাস্টি বোর্ডের কার্যক্রম চালিয়ে যেতে আর কোনো বাধা থাকছে না।
এর আগে গত ২ সেপ্টেম্বর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সরকারের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বাতিল হওয়া বোর্ডের সদস্য দীপক কুমার পালিত হাইকোর্টে রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত ১৩ অক্টোবর মন্ত্রণালয়ের সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছিল সরকার।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক এক ব্রিফিংয়ে বলেন, ‘২০২৪-২৫ সালে একটা কমিটি করা হয়েছিল। এখন সেটার যে আইন রয়েছে, সে আইনে সরকার প্রয়োজনবোধ করলে সেখানকার ট্রাস্টিদের চেঞ্জ করতে পারেন, অর্থাৎ বোর্ড পুনর্গঠন করতে পারেন। সেটার পরিপ্রেক্ষিতে গত সেপ্টেম্বর মাসের ২ তারিখে একটা নতুন কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে একজন, যিনি আগের কমিটিতে ছিলেন, এটা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন। আবেদনের শুনানি করে আদালত স্টে করেছিলেন। আজ চেম্বার আদালত হাইকোর্টের এই আদেশটা স্থগিত করে দিয়েছেন।’
গত ২ সেপ্টেম্বর গঠিত বোর্ডটিই এখন কার্যকর থাকবে বলে জানান সরকারপক্ষের এই আইনজীবী।




