পলক
হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন

গ্রাফিকস: আগামীর সময়
জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার মামলায় কারাবন্দি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়েছে। আদালতে নেওয়ার সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, ‘হাসপাতাল থেকে আসছি, দোয়া করবেন।’
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রিজন ভ্যানে করে তাকে আদালতে আনা হয়। প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তিনি এ মন্তব্য করেন। তবে কোন হাসপাতাল থেকে তাকে আনা হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি। পরে তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।
আদালত সূত্র জানা গেছে, ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ এ বিষয়ে শুনানি হওয়ার কথা।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে বর্তমানে পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, ফুরকান হোসেন ও শাহজাহান খান কারাগারে রয়েছেন।
মামলার এজাহার ও অভিযোগপত্র সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মালবাহী ট্রাকচালক মো. হোসেন। এ ঘটনায় আহত হন সাজ্জাদ ও শাহিন নামে আরও দুজন।
ঘটনার পর নিহত হোসেনের স্ত্রী মোসা. রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. আকরামুজ্জামান আদালতে ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ আরও অনেকে আসামি হয়েছেন।



