বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতাদেশের বিরুদ্ধে করা আপিল শুনানি সোমবার

ফাইল ছবি
এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফলাফলের আগে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা না নিতে হাইকোর্টে যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি হবে আগামী সোমবার।
আজ বৃহস্পতিবার এই আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।
এর আগে বুধবার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাবিসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। সেই আদেশ স্থগিত চেয়ে আজ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের পক্ষে শিক্ষা সচিব সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন চেম্বার বিচারপতি।
এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল আগামী ২৭ নভেম্বর এবং সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল ৩১ ডিসেম্বরের মধ্যেই প্রকাশের কথা রয়েছে। সেই হিসাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশ দেন আদালত।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ‘হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করি এবং মামলাটি যেন দ্রুততার সঙ্গে শুনানি হয় সে মর্মে চেম্বার বিচারপতির দৃষ্টি আকর্ষণও করেছি।
‘চেম্বার বিচারপতি এই মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় সাত নম্বর হিসেবে তালিকাভুক্ত করেছিলেন। শুনানি করেছি। আমাদের বক্তব্য বিবেচনায় নিয়ে আগামী সোমবার সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে প্রধান বিচারপতির কোর্টে এটা দুই নম্বর আইটেম হিসেবে এটা নির্ধারণ করেছেন’-উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল।
মেধাবীরা কেন অপেক্ষা করবে-প্রশ্ন অ্যাটর্নি জেনারেলের
শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেছেন, ‘স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠান তাদের স্ব স্ব বিধি অনুযায়ী যাতে কোনোভাবেই কোনো একাডেমিক ইয়ার লস না হয়, শিক্ষার্থীদের যেন কোনো কারণে তাদের শিক্ষা থেকে বঞ্চিত না করা হয়। পাশাপাশি মেধাবীরা কেন অপেক্ষা করবে— এরকম একটা চিন্তা থেকেই বিশ্ববিদ্যালয়গুলো যেন স্ব স্ব ভাবে পরীক্ষা নিতে পারেন, ভর্তি পরীক্ষার কার্যক্রম চালিয়ে নিতে পারেন, সেটা হচ্ছে আমাদের মূল গ্রাউন্ড।’
‘দ্বিতীয়ত হচ্ছে, ইন্টারেস্টিংলি এই মামলার বাদী হচ্ছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, যিনি পরীক্ষার্থী নন কিংবা পরীক্ষার্থীর মাতাও নন। এবং তার একটা রাজনৈতিক পরিচয়ও আছে। তো সে বিষয়টি আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি যে, তার তো এখানে কোনো ইন্টারেস্ট থাকার কোনো কারণ নেই।’
সাপ্লিমেন্টারিতে অংশ নিতে আবেদন ১ লাখ ৫৮ হাজার ২৬৮ পরীক্ষার্থী
চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার পর পুনঃপরীক্ষা (সাপ্লিমেন্টারি) নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ ৫ নভেম্বর থেকে শুরু হয়ে চলে ৯ নভেম্বর পর্যন্ত।
এ পর্যন্ত ১০ শিক্ষাবোর্ডে ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী পুনঃপরীক্ষার আবেদন করেন। ১-১৫ ডিসেম্বর পর্যন্ত এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।
এক ও দুই বিষয়ে ফেল ৪ লাখ ২২ হাজার ৯০৫ শিক্ষার্থী
এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১ শিক্ষাবোর্ডের অধীনে অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। এর মধ্যে এক ও দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।
ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেছিলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা এক মাসের মধ্যে নেয়া হবে।





