সরকারি বাড়ি বরাদ্দে অনিয়ম
১৫ মামলায় নির্দোষ মির্জা আব্বাস

মির্জা আব্বাস। ফাইল ছবি
সরকারের ১৮টি পরিত্যক্ত বাড়ি বরাদ্দে অনিয়ম করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ১৫টি মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস। একইসঙ্গে এসব মামলার সব আসামিকে খালাস দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় দেন।
এ বিষয়ে মির্জা আব্বাসের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী আগামীর সময়কে জানান, ১৫ মামলায় সব আসামিকে খালাস দেয়া হয়েছে। তবে বিচার চলাকালে তিন আসামি মারা গেছেন। রায়ে আমরা ন্যায় বিচার পেয়েছি।
চারদলীয় জোট সরকারের আমলে সরকারি ১৮টি পরিত্যক্ত বাড়ি সাজানো দরপত্র ডেকে অস্বাভাবিক কম দামে বিক্রির অভিযোগে ২০০৭ সালের মার্চে সাবেক মন্ত্রী মির্জা আব্বাসসহ ১২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করে দুদক।
মামলায় ওই বছরের ২০ সেপ্টেম্বর অভিযোগপত্র দেয়া হয়। অভিযোগপত্রে বলা হয়, সাজানো দরপত্রের মাধ্যমে এবং প্রকৃত দামের চেয়ে কম দাম দেখিয়ে ১৮টি সরকারি বাড়ি বিক্রি করে আসামিরা আর্থিকভাবে লাভবান হয়েছেন। এতে সরকারের ক্ষতি হয়েছে ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার টাকা।
অভিযোগপত্রে আরও ১৪ আসামির নাম যুক্ত হয়। তাদের বিরুদ্ধে সুবিধা আদায়ের অভিযোগ তোলা হয়। পরবর্তীতে আসামি মির্জা আব্বাসসহ ২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।






