দীপু মনির স্বামীর জানাজায় অস্থিরতার চেষ্টা, গ্রেপ্তার যুবক কারাগারে

গ্রাফিকস: আগামীর সময়
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজের জানাজাকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার আল রাফি প্রত্যয়কে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় প্রত্যয়কে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার এসআই কেএম মফিজুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সন্দিগ্ধ আসামি আল রাফি প্রত্যয়ের ওই ঘটনায় জড়িত থাকার তথ্য-প্রমাণও পাওয়া গেছে।
আবেদনে আরও বলা হয়, বৃহস্পতিবার দুপুরে গুলশান থানার আওতাধীন আজাদ মসজিদসংলগ্ন এলাকায় সাবেক মন্ত্রী দীপু মনির প্রয়াত স্বামীর জানাজাকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির চেষ্টা করেন প্রত্যয়। এ সময় তিনি অন্য সহযোগীদের নিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার হন।
তদন্ত কর্মকর্তা আরও উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে ওই মামলায় জড়িত থাকার পাশাপাশি প্রত্যয়ের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেওয়ার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। তদন্ত চলমান থাকায় তাকে রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে।
পরে আসামিপক্ষের আইনজীবী প্রত্যয়ের জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৭ আগস্ট রাত সাড়ে আটটার দিকে গুলশান-১-এর পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলের পঞ্চম তলার ফুড কোর্টে অভিযান চালিয়ে গোপন বৈঠকের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয়জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে।






