বার্লিনে বাংলাদেশ ও জার্মানির মধ্যে উন্নয়ন সহযোগিতা জোরদারে বৈঠক

সংগৃহীত ছবি
বার্লিনে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি ইয়োহান সাথফ।
বৈঠকে বাংলাদেশ ও জার্মানির মধ্যে উন্নয়ন সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুপক্ষই উন্নয়ন সহযোগিতা বিষয়ে সরকার-টু-সরকার (জি-টু-জি) আলোচনা সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে।
বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কপ-৩১, জলবায়ু অর্থায়ন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রয়োজনীয় সম্পদের ঘাটতি, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায় এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া প্রযুক্তি ও জ্ঞান বিনিময় এবং রপ্তানি সম্প্রসারণসহ বাংলাদেশের অর্থনৈতিক বহুমুখীকরণের বিষয়গুলোও গুরুত্ব পায়।
এ সময় বাংলাদেশ সরকারের গৃহীত অর্থনৈতিক, মানবিক ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জার্মান প্রতিনিধিকে অবহিত করেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এসব উদ্যোগের মধ্যে রয়েছে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ বা সৃজনশীল অর্থনীতি প্রতিষ্ঠার উদ্যোগ, শিক্ষা ও নারীর উন্নয়নে বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং শিশুদের খেলাধুলায় উৎসাহিত করতে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচি।
অন্যদিকে, জার্মানির পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি ইয়োহান সাথফ বাংলাদেশে তার সাম্প্রতিক সফরগুলোর স্মৃতিচারণ করেন। বিশেষ করে রোহিঙ্গা শিবির এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) পরিদর্শনের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন।
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন অংশীদারত্বের সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেন জার্মানির এই প্রতিনিধি। বৈঠকটি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি উন্নয়ন সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



