উড়ো খবরের সাংবাদিকতা বদলে দিয়েছিলেন তৌফিক ইমরোজ খালিদী

মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ানো জুলিয়ান ফ্রান্সিস স্মরণসভায় বক্তব্য দেন
‘সবার আগে নির্ভুল খবর’ দেওয়ার প্রত্যয়ে অটল ছিলেন বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকতার পথিকৃৎ তৌফিক ইমরোজ খালিদী। নির্ভীক সাংবাদিকতা, পেশাগত লড়াই, ক্ষমতাকে প্রশ্ন করার সাহস এবং সাংবাদিকতায় নতুন ধারা তৈরির মধ্য দিয়ে তিনি যে স্বাক্ষর রেখে গেছেন, স্মরণসভায় সহকর্মী, বন্ধু, স্বজন, রাজনীতিক ও পেশাজীবীদের স্মৃতিচারণে উঠে এলো তার কর্মময় জীবনের সেই সব অধ্যায়।
আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আড়াই ঘণ্টার এ আয়োজনে স্মৃতির পাতায় ও কর্মের অনুপ্রেরণায় প্রয়াত সাংবাদিককে স্মরণ করেন বক্তারা। ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম : তৌফিক ইমরোজ খালিদী স্মরণসভা’ শিরোনামে এ আয়োজন করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। মৃত্যুর আগ পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রধান সম্পাদক ছিলেন তিনি।
এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় স্মরণসভা। শুরুতে লন্ডন থেকে ভিডিও বক্তব্য দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ।
৩৩ বছরের সহকর্মী খালিদীকে স্মরণ করে তিনি বলেন, উড়ো খবরের সূত্র ধরে সংবাদ প্রকাশের প্রচলিত ধরন বদলে দিয়েছিলেন খালিদী। তার ভাষায়, ‘শুধু ডিজিটাল যুগের সূচনা নয়, সাংবাদিকতার চেহারাটাই খালিদী বদলে দিয়েছেন।’
ব্যক্তিগত সম্পর্কের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘তার মতো লোক চলে গেলে এখানে (সাংবাদিকতায়) তো স্বাভাবিকভাবেই কিছুটা শূন্যতার সৃষ্টি হবে; কারণ তার সাংবাদিকতা ছিল আলাদা। মানে এটা স্বাভাবিক, সে একটা ভিন্ন ব্যক্তিত্বের মানুষ ছিল বিধায় তার সাংবাদিকতায় সেটার প্রতিফলন ঘটত। তিনি ‘ভেরি ডিফারেন্ট পার্সোনালিটির’ একটা লোক। একেবারে ডে টু ডে সাংবাদিকতার মতো নয়। তার মধ্যে অনেক কিছু কাজ করত। তার চিন্তা, ফিলোসফি, সবকিছু, তার অনেক অনেক দিক ছিল।’
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির স্মৃতিচারণে উঠে আসে স্কুলজীবন থেকে খালিদীকে চেনার অভিজ্ঞতা। তার বড় ভাইয়ের বন্ধু হিসেবে খালিদীর সঙ্গে পরিচয় হয়েছিল এ্যানির। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীও সাংবাদিকতায় খালিদীর অবদানের কথা স্মরণ করেন।
মঞ্চে ও ভিডিও বক্তব্যে আরও স্মৃতিচারণ করেন বাংলাদেশের বন্ধু জুলিয়ান ফ্রান্সিস, ডাকসুর সাবেক জিএস ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান চৌধুরী, আগামীর সময় সম্পাদক ও কথাসাহিত্যিক মোস্তফা মামুন, দেশ রূপান্তর সম্পাদক মুস্তাফিজ শফি, বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান, চিত্রশিল্পী মনিরুল ইসলাম এবং জ্যেষ্ঠ সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জুসহ অনেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক মুখপাত্র জানান, ৫৯ বছরের জীবনের প্রায় ৪০ বছর সাংবাদিকতায় কাটিয়েছেন খালিদী। গত ২ অক্টোবর তিনি মারা যান। ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থানকালে মস্তিষ্কে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে সেইন্ট বার্থোলমিউস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
১০ অক্টোবর তার মরদেহ লন্ডন থেকে দেশে আনা হয়। বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে জানাজা শেষে বিকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
স্মরণসভার শেষ পর্বে বক্তব্য দেন খালিদীর একমাত্র সন্তান ও বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর আওয়ার্স লিমিটেডের পরিচালক রাদ শারার খালিদী। এরপর দুটি গান পরিবেশনের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফায়েজ আহমেদ ও ইকতিয়ার চৌধুরী, বিটিভির সাবেক উপমহাপরিচালক খ ম হারূন, শিক্ষক ও নাট্যনির্দেশক কামালউদ্দিন কবির, কথাসাহিত্যিক মোজাফফর হোসেন, কবি শাহেদ কায়েস, সংগীতশিল্পী সুজিত মোস্তফা, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ এবং ইতিহাস গবেষক হাশেম সুফি।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, চর্চার সম্পাদক সোহরাব হাসান এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছিরসহ অনেকে।






