বরগুনা জেলা কল্যাণ ফোরামের নতুন কমিটি

সংগৃহীত ছবি
বরগুনা জেলা কল্যাণ ফোরামের ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। রাজধানীর আদাবরে টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়।
কমিটিতে আদাবর থানার ওসি ও বরগুনার কৃতি সন্তান মো. জাহিদুল ইসলামকে সভাপতি এবং বেতাগীর বিশিষ্ট ব্যবসায়ী মো. আল মামুন শিপলুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। জি এম জাফর আহমেদ সহ-সভাপতি, আজীম রিপন যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসাদুজ্জামান জুয়েল কোষাধ্যক্ষ হয়েছেন। আরও ছয়জনকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।
সভায় বরগুনার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। ফোরামের পরিকল্পিত কার্যক্রমের মধ্যে রয়েছে অসহায়দের চিকিৎসা ও শিক্ষায় সহায়তা, দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগে জরুরি মানবিক সহায়তা প্রদান।






