খালেদা জিয়া এই দেশকেই ঠিকানা হিসেবে বেছে নিয়েছিলেন : চিফ হুইপ

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। ছবি: সংগৃহীত
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের অধিকারের প্রশ্নে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো আপস করেননি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি। তিনি বলেন, শত প্রতিকূলতার মধ্যেও খালেদা জিয়া দেশের মানুষকে ছেড়ে যাননি। এই দেশকেই তার একমাত্র ঠিকানা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘প্রতিধ্বনি’ আয়োজিত আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের ‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নূরুল ইসলাম মনি জানান, মন্ত্রী মো. আসাদুজ্জামান ‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে তার লেখার মধ্য দিয়ে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার যে আকুতি প্রকাশ করেছেন, তা অব্যাহত থাকুক। গণতন্ত্রের মা খালেদা জিয়া এই দেশকে বাঁচাতে গিয়ে দেশত্যাগ করেননি। এই দেশকেই তার একমাত্র ঠিকানা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। লেখক তার গ্রন্থে বিষয়গুলো যথার্থভাবে তুলে ধরেছেন।
‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থের লেখক ও মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘আমি লিখি লেখক হওয়ার জন্য নয়। মাধবীর (কাল্পনিক নাম) কাছে আমি লিখি আমার নিত্যদিনের অন্তর্জ্বালা, দুঃখ, ভালোলাগা, উপেক্ষার দহন ও অবহেলা, এসব কিছু যখন আমাকে পোড়ায়, তখন আমি লিখি।’
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, একজন রাজনীতিবিদ হয়েও এই বই পাঠকসমাজে যতটা সাড়া তৈরি করেছে, সাম্প্রতিক সময়ে কোনো লেখকের বইও এতটা হইচই তৈরি করেনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং শিরীন সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিধ্বনির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট শিমুল পারভীন।






