ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষণ বেশি যেখানে

ছবি: ফোকাস বাংলা
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ষষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৭৪ স্কোর ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আজ শনিবার সকাল ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে জানা গেছে এ তথ্য।
ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো— বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ১৮ গুণ বেশি রয়েছে।
আজ ঢাকার বাতাসের মান সবচেয়ে দূষিত পর্যায়ে রয়েছে বারিধারা লেকসাইডে। এ এলাকার একিউআই স্কোর রয়েছে ১৯৪। তালিকায় এর পরেই রয়েছে বারিধারা পার্ক রোড (১৮৯), গুলশান লেক পার্ক (১৮৪), আগারগাঁও (১৮৩), মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৭৯), মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর (১৭৪), বেচারাম দেউড়ি (১৭৪), উত্তর বাড্ডা (১৭২) এবং গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৬২) এলাকা। এসব এলাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আজ বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে সেনেগালের ডাকার। ২৭৪ স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় এর পরে থাকা তিনটি শহরই ভারতের। এগুলো হল যথাক্রমে দিল্লি, মুম্বাই ও কলকাতা। শহর তিনটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।



