কলাবাগানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি
রাজধানীর কলাবাগানের ভূতের গলি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ৬ তলা থেকে নিচে পড়ে মো. ইয়াছিন (৩৮) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী মো. সাইদুল ইসলাম জানান, ইয়াছিন পেশায় রাজমিস্ত্রি ছিলেন। সকালে ভূতের গলিতে একটি নির্মাণাধীন সাত তলা ভবনের ৬ তলার বাইরের অংশে মাচাংয়ে দাঁড়িয়ে তিনি ইট গাঁথার কাজ করছিলেন। এ সময় হঠাৎ মাচাংয়ের কোণ ভেঙে তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
পরে সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিহত ইয়াছিন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার চাঙ্গীর গাঁও গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। তিনি বর্তমানে ভূতের গলি এলাকার ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।




