অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা

সংগৃহীত ছবি
প্রয়োজনীয় সনদ ছাড়া পণ্য তৈরি ও বিক্রির দায়ে রাজধানীর দক্ষিণ বাড্ডার ‘নিউ বি-বাড়িয়া বেকারি অ্যান্ড সুইটস’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
আজ বুধবার বাড্ডা থানার দারোগা বাড়ির মোড় এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ যাচাই করেন। এ সময় প্রতিষ্ঠানটির কোনো সনদ পাওয়া যায়নি। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিক্রি ও বিতরণের প্রমাণ মেলে।
এসব অপরাধে বিএসটিআই আইনে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী সাত কর্মদিবসের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণ এবং মোড়কজাত নিবন্ধন সনদের জন্য আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
অভিযানে বিএসটিআইয়ের প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার ফারদিন ইসলাম ও পরিদর্শক (মেট্রোলজি) তৌহিদুল ইসলাম।



