রাজধানীতে বাস কাউন্টারের সামনে ৩টি ককটেল বিস্ফোরণ
- আটক ১

ফাইল ছবি
রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় বাস কাউন্টারের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাউন্টার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। শ্যামপুর থানার ওসি মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাস কাউন্টারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে হাতেনাতে আটক করা হয়। তাকে থানায় নেওয়া হয়েছে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
এদিন রাতে খিলগাঁও থানার পাশে মদিনা হোটেল এলাকায় ককটেল নিক্ষেপ করা হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ হামলা হয়। এতে অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কার্যালয়ের কর্মকর্তারা।



