জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় জামাত শুরু হয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন।
প্রধান জামাতে মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের মুসল্লিরা অংশ নেন।
ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে খুতবা প্রদান করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ঈদ জামাতের জন্য জাতীয় ঈদগাহ মাঠ সম্পূর্ণ প্রস্তুত করা হয়। প্রধান জামাতে নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি অতি গুরুত্বপূর্ণ বা ভিআইপি ব্যক্তিদের জন্যও বিশেষ ব্যবস্থা ছিল।
নারীদের জন্য আলাদা প্রবেশপথ, অজু ও নামাজের সংরক্ষিত ব্যবস্থা রাখা হয়। এ ছাড়া পর্যাপ্ত অজুখানা, মেডিকেল টিমসহ মুসল্লিদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হয়। সব মিলিয়ে সাড়ে তিন হাজার নারীসহ জাতীয় ঈদগাহ ময়দানে মোট ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা ছিল।






