তাহসিফের মৃত্যুরহস্য দ্রুত উদঘাটন হোক, চাওয়া রাওয়ার

কে এম তাহসিফ সাউরি।
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির রহস্যময় মৃত্যুর ঘটনায় প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংগঠন ‘রাওয়া’।
আজ শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টরে তাহসিফের বাড়িতে গিয়ে তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার পর এই দাবি জানান সংগঠনটির নেতারা।
দুপুরে ওই বাসা থেকে বেরিয়ে রাওয়ার যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম বলেন, ‘আমরা তাহসিফের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছিলাম। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি এবং এই ঘটনায় তাদের কোনো আইনি বা অন্যান্য সহায়তা প্রয়োজন কি না, সে বিষয়ে জানতে চেয়েছি।’
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ গত মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি। পরদিন বিকালে তুরাগ নদীতে তার লাশ পাওয়া যায়।
তাহসিফ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে তার পরিবারের দাবি। তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম মামলা করার পর শাহরিয়ার রেজা দীপ নামে তার এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাহসিফের পরিবারের বরাত দিয়ে রাওয়া নেতা খুরশিদ আলম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা ইতোমধ্যে ঘটনাটির ছায়া তদন্ত শুরু করেছে। মাঠপর্যায়ের প্রত্যক্ষদর্শী এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অনুসন্ধান কার্যক্রম এগিয়ে চলছে।
‘আমরা আশা করি, আইনশৃঙ্খলা বাহিনী খুব দ্রুত আসল সত্য উদঘাটন করবে এবং সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। দেশের সাধারণ মানুষের মতো ডিফেন্স কমিউনিটির প্রতিটি সদস্যও চায়, অতিসত্বর প্রকৃত রহস্য উন্মোচিত হোক,’ বলেন তিনি।





