হাজারীবাগে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা নিহত, মেয়েসহ আহত ২

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর হাজারীবাগের বটতলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় পারভীন আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার মেয়ে ফাতেমা আক্তার উর্মি (২০) ও ফরিদা বেগমসহ (৬০) আহত হয়েছেন আরও দুজন।
আজ রবিবার সন্ধ্যায় ছয়তলা ভবনটির দ্বিতীয়তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেছেন, ‘ওই ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডারের বোতল ছিল। ধারণা করা হচ্ছে সেটিতে লিকেজ ছিল। ঘরের দরজা-জানালা বন্ধ থাকা অবস্থায় বাতি জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে।’
যদিও আহত ফরিদার ভাষ্য, ‘ব্লেন্ডার মেশিন দিয়ে কাজ করার সময় বিস্ফোরণ ঘটে।’ তিনি ওই ফ্ল্যাটে রান্নার কাজ করেন।
ফরিদাকে প্রথমে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে কাচের টুকরায় কেটে গেছে। তবে শরীরে দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে আহত উর্মিকে নেওয়া হয়েছে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থান কাচের টুকরায় জখম হয়েছে।
তিনি জানিয়েছেন, বিস্ফোরণের পর তার মা পারভীনকে খুঁজে পাচ্ছিলেন না। তিনি কোথায় আছেন, কোন হাসপাতালে নেওয়া হয়েছে, এমনকি বেঁচে আছেন কি না, তা-ও জানতেন না। পরে মায়ের মৃত্যুর খবর পান।
পারভীনের স্বামী প্রবাসে থাকেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন বলেছেন, ‘আহত দুজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।’
এদিকে, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী রাহিম ইসলাম বলেছেন, ‘আমি ওই ভবনের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলাম। এ সময় হঠাৎ বিকট শব্দ হয়। বাসার জানালার কাচ ও দেয়ালের কিছু অংশ ভেঙে পড়ে। পরে গিয়ে দেখি, এক নারী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। সেখানে আরও দুজন ছিলেন। পরে লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।’




