সিরিয়াল নিয়ে বিরোধে মহাখালী দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

ছবি: কোলাজ
খাবার খাওয়ার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে রাজধানীর মহাখালীর আলোচিত ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল যুবক। তারা সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় রেস্তোরাঁর কর্মীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে মহাখালী-গুলশান-১ লিংক রোডের অবস্থিত রেস্তোরাঁটিতে এ ঘটনা ঘটে। ঘটনার পর রেস্তোরাঁটি বন্ধ রাখা হয়। বর্তমানে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের কাজ চলছে।
পুলিশ ও রেস্তোরাঁ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দেশীয় খাবারের জন্য জনপ্রিয় এ রেস্তোরাঁয় প্রতিদিন সকাল থেকেই ভিড় করেন ভোজনরসিকরা। খাবার খেতে বসার জন্য সিরিয়াল দিতে হয়। শুক্রবারও একটি পরিবারের সিরিয়ালে থাকা একটি টেবিলে এক যুবক সেখানে বসে পড়েন। এ নিয়ে ওই পরিবারের সদস্যদের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। রেস্তোরাঁর এক কর্মী বিষয়টি মীমাংসার চেষ্টা করলে ওই যুবক ক্ষুব্ধ হয়ে চলে যান। কিছুক্ষণ পর কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে এসে প্রথমে কর্মী খলিলকে মারধর করেন। পরে রেস্তোরাঁয় ভাঙচুর চালান তারা। এ সময় উভয়পক্ষের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
রেস্তোরাঁর মালিক সাফিন সাংবাদিকদের বলেন, প্রথমে আসা ওই যুবককে অন্য একটি জায়গায় বসার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করেছিলেন কর্মীরা। কিন্তু তিনি ক্ষুব্ধ হয়ে চলে যান। পরে লোকজন নিয়ে এসে কর্মীদের মারধর ও রেস্তোরাঁয় ভাঙচুর করেন।
বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খাবারের সিরিয়াল নিয়ে তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষের ঝগড়া ও মারামারি হয়। পরে শিক্ষার্থীরা সহপাঠীদের ডেকে এনে ভাঙচুর চালান। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
দুপুরে পুলিশের গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার রুহুল কবীর খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। রেস্তোরাঁর মালিককে দ্রুত প্রতিষ্ঠানটি চালু করার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তায় সেখানে পুলিশ মোতায়েন থাকবে।



