ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯-৩১ অক্টোবর
- অংশ নেবে ২০ দেশ

সংগৃহীত ছবি
ঢাকায় আগামী ২৯-৩১ অক্টোবর ২০টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক পর্যটন মেলা। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হবে। এবারের মেলায় ২০০টির বেশি বুথ ও স্টল থাকবে।
দেশের পর্যটন খাতের সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এ মেলার আয়োজন করছে। বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ১৪তম এই আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ। এ সময় উপস্থিত ছিলেন আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জিএম) কামরুল ইসলাম। এ ছাড়া টোয়াবের নেতারা বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ হানিফের আশা, এবারের মেলায় ২৫০ জনের বেশি ক্রেতা ও আড়াই হাজারের বেশি বাণিজ্যিক দর্শনার্থী অংশ নেবেন। চারটি বিষয়ভিত্তিক প্রদর্শনী হবে। এয়ারলাইনস, হোটেল, ট্যুর অপারেটরসহ পর্যটন খাতসংশ্লিষ্ট দুই শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে। সমাগম হতে পারে ৬০ হাজারের বেশি দর্শনার্থীর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় ২০টির বেশি দেশের পর্যটনবিষয়ক প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্সির অংশ নেওয়ার কথা আছে। এর মধ্যে নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ ও ফিলিপাইনের অংশগ্রহণকারীরা উপস্থিতি নিশ্চিত করেছেন। এ ছাড়া তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানের অংশীজনেরা অংশগ্রহণ করতে পারে।





