মহাখালীতে অপেক্ষমাণ বাস পূর্বাচল ডিপোতে সরাচ্ছে ডিএমপি

ছবি: ডিএমপির সৌজন্যে
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় দীর্ঘ সময় অপেক্ষমাণ থাকা বাসগুলো পূর্বাচলের অস্থায়ী বাস ডিপোতে স্থানান্তরে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার দুপুরে অভিযানের নেতৃত্ব দেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।
ডিএমপি জানিয়েছে, মহাখালী এলাকায় যানজট কমানো, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিযান পরিদর্শনকালে মো. আনিছুর রহমান বললেন, টার্মিনাল এলাকায় দীর্ঘ সময় ধরে অপেক্ষমাণ এবং ‘গ্যাপের’ গাড়িগুলো ধাপে ধাপে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে সরিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে নির্ধারিতসংখ্যক বাস স্থানান্তর করা হয়েছে। বাকি বাসগুলোও পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে।
তিনি উল্লেখ করেন, অভিযানের মূল লক্ষ্য মহাখালী টার্মিনাল এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা। পূর্বাচলের অস্থায়ী ডিপোতে প্রয়োজনীয় সুবিধাও নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্র জানায়, অভিযান চলাকালে যানজট নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বাসমালিক ও চালকদের নির্দেশনা অনুযায়ী অপেক্ষমাণ বাসগুলো মহাখালী টার্মিনাল থেকে সরিয়ে পূর্বাচল ডিপোতে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।







