স্ত্রী ডিভোর্স দিতে চাওয়ায় গায়ে আগুন দিয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা

সংগৃহীত ছবি
রাজধানীর চকবাজারে স্ত্রীর সঙ্গে কলহের জেরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের ৯৭ শতাংশই পুড়ে গেছে।
আজ শুক্রবার সন্ধ্যায় চকবাজার থানার লালবাগ পোস্তা পুলিশ ফাঁড়ির গলির একটি বাসায় এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো. শাহাদাত (৩২)। ঘটনার বিবরণ দিয়ে দগ্ধ শাহাদাত জানান, তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন। তার স্ত্রী জেসমিন বেগম তাকে ডিভোর্স দিতে চাওয়ায় মানসিক ক্ষোভ ও হতাশা থেকে তিনি নিজের গায়ে নিজে আগুন ধরিয়ে দেন।
দগ্ধ অবস্থায় উদ্ধার করে দুই ব্যক্তি তাকে তাৎক্ষণিকভাবে ঢামেক বার্ন ইউনিটে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর পর ওষুধ কেনার কথা বলে তারা বাইরে বের হয়ে আর ফিরে আসেননি বলে জানিয়েছেন ঢামেক ক্যাম্প পুলিশ ও ডিউটিরত চিকিৎসকেরা।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ জানান, শাহাদাতের শরীরের ৯৭ শতাংশ অংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় দ্রুত আইসিইউতে স্থানান্তরের প্রক্রিয়া চলছে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, দগ্ধ যুবক বার্ন ইউনিটে চিকিৎসাধীন। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চকবাজার থানা পুলিশকে জানানো হয়েছে।



