ভারত থেকে আসছে ১৮ রেলওয়ে কোচ

ভারত থেকে আমদানি করা রেলওয়ে কোচ।
ভারত থেকে আরও ১৮টি রেলওয়ে কোচ বাংলাদেশে আসছে আজ শুক্রবার। দুপুরে পশ্চিমবঙ্গের রানাঘাট রেলওয়ে স্টেশন থেকে কোচগুলো ছেড়ে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে জংশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করার কথা রয়েছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, দর্শনা স্টেশনে পৌঁছানোর পর রেলওয়ে কোচগুলোর প্রাথমিক পরিদর্শন, শুল্কসংক্রান্ত ছাড়পত্রসহ (কাস্টমস ক্লিয়ারেন্স) প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করা হবে। নিরাপত্তা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে প্রাথমিক সংযোগ স্থাপন, কার্যক্ষমতা পরীক্ষা ও প্রয়োজনীয় কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করার পর কোচগুলো যাত্রীবাহী ট্রেনের বহরে যুক্ত করা হবে।
আমদানি করা ১৮টি কোচের মধ্যে রয়েছে দুটি জেনারেটর কারসহ পাওয়ার কার, ১১টি শীতাতপনিয়ন্ত্রিত ইকোনমি শ্রেণির কোচ, তিনটি শীতাতপনিয়ন্ত্রিত চেয়ার কোচ এবং দুটি সাধারণ শীতাতপনিয়ন্ত্রিত কোচ।
রেলওয়ে-সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, নতুন কোচগুলো বহরে যুক্ত হলে রেলপথে যাত্রীসেবার মান বাড়বে। পাশাপাশি আসনসংকট কমার সঙ্গে সঙ্গে দূরপাল্লার যাত্রায় যাত্রীরা আরও আরামদায়ক পরিবহনসেবা পাবেন।
দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার তরিকুল ইসলাম বললেন, শুক্রবার ১৮টি কোচ দর্শনা হয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে তাদের জানানো হয়েছে। এ জন্য তারা প্রস্তুত রয়েছেন। কোচগুলো পৌঁছালে শুল্কসংক্রান্ত ছাড়পত্রসহ প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হবে।



