দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

সংগৃহীত ছবি
দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের লাইব্রেরিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা তিনটি বই সংরক্ষণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
গত ২৭ সেপ্টেম্বর এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।
স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলামের সই করা চিঠিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্দেশনায় বই তিনটির নামও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এগুলো হলো ‘প্রেসিডেন্ট জিয়া : রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া : জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’।
জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার প্রকাশিত বইগুলোর এক সেট করে সংগ্রহ ও সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ জানানো হয়েছে।
চিঠির সূত্র হিসেবে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার ২৩ আগস্টের একটি পত্রের উল্লেখ রয়েছে। ঢাকার ১১/১ বাংলাবাজারের ইসলামী টাওয়ারে অবস্থিত প্রতিষ্ঠানটির ওই পত্রের পরিপ্রেক্ষিতেই মন্ত্রণালয়ের এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।
নির্দেশনা বাস্তবায়নের আওতায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে রাখা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে।
পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট), স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকেও বিষয়টি জানানো হয়েছে।
ন্যাশনাল ইলেকট্রো-মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারেও (নিমিউ অ্যান্ড টিসি) চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।



