জুমার নামাজের পর বিশ্বনাথে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

দুই গ্রুপের সংঘর্ষ
সিলেটে পূর্ববিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার জুমার নামাজের পর বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের মির্জারগাঁও গ্রামে শাহজাহান মিয়া ও খালেদ মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও বিশ্বনাথ থানার বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসী জানান, মির্জারগাঁও গ্রামের শাহজাহান মিয়া ও খালেদ মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার জুমার নামাজের পর দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
এদিকে, বিরোধ মীমাংসার উদ্যোগ নিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।
সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



