ডিএমপির অভিযানে মাদক কারবারিসহ গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে মামলা করা হয়েছে ৫১টি।
আজ শুক্রবার ডিএমপির পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৪১, ওয়ারী বিভাগ ৭১, মতিঝিল বিভাগ ৪৯, তেজগাঁও বিভাগ ৯০, মিরপুর বিভাগ ১২৪, গুলশান বিভাগ ৩২, উত্তরা বিভাগ ৫১ ও গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে। অভিযানে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২ হাজার ২৩৭টি ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল, আটটি মোবাইল ফোন, একটি চাপাতি, একজন ভিকটিম ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।



