পবিত্র শবে বরাতে সকল প্রকার আতশবাজি-পটকা নিষিদ্ধ : ডিএমপি

সংগৃহীত ছবি
শবে বরাতের পবিত্রতায়, শান্তিপূর্ণভাবে উদ্যাপন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ঢাকা মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।
শবে বরাতের পবিত্রতা রক্ষা ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো ছাড়াও বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পবিত্র শবে বরাত শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছে।



