মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে দুই ককটেল বিস্ফোরণ, আহত ১

সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর-১১ নম্বরে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির এক কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা কুরিয়ার সার্ভিসটির কার্যালয়ের সামনে ককটেল দুটি বিস্ফোরণ ঘটায়। পরে স্থানীয়রা আহত কর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
সিসিটিভি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে বিভিন্ন পার্সেলের বস্তা রাখা ছিল। সেখানে কর্মীরাও কাজ করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে এসে দুই ব্যক্তি ককটেল নিক্ষেপ করেন। বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণের পর চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। কয়েক সেকেন্ড পর পার্সেলের পাশে দ্বিতীয় ককটেলটি বিস্ফোরিত হলে সেখানে আগুন ধরে যায়। এ সময় এক কর্মী আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি জালাল উদ্দিন। তিনি জানান, দুর্বৃত্তরা এজেআর কুরিয়ার সার্ভিসের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এর আগেও প্রতিষ্ঠানটির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ওসি আরও জানান, এ ঘটনায় কুরিয়ার সার্ভিসটির একজন দিনমজুর আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।




