শেখ হাসিনার জন্মদিনের ‘কেক কাটার আগে’ সাবেক এমপির বাসা থেকে গ্রেপ্তার ১৫

সংগৃহীত ছবি
বরগুনার সাবেক সংসদ সদস্য মো. শওকত হাচানুর রহমানের রাজধানীর উত্তরার বাসা থেকে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ বলছে, তারা সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মী। আওয়ামী লীগ সভাপতি েশখ হাসিনার জন্মদিন উদযাপনে তারা ওই বাড়িতে জড়ো হয়েছিলেন।
আজ সোমবার সন্ধ্যায় ওই বাড়িতে অভিযান চালানো হয় বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির মোহাম্মদ সেলিম।
তিনি বলেন, সেখানে তারা কেক কেটে জন্মদিন পালন করার উদ্দেশ্যে একত্রিত হয়েছিলেন। কেকে লেখা ছিলো- শুভ শুভ দিন, শেখ হাসিনার জন্মদিন।
গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। পুলিশ কর্মকর্তা সাব্বির বলেন, তাদের থানায় আনা হয়েছে। তাদের নাম-পরিচয় লেখা হচ্ছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নিয়ে থাকা শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর। তার দল আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনায় রয়েছে নিষেধাজ্ঞা। ছাত্রলীগ রয়েছে নিষিদ্ধ।
হাচানুর রহমান বরগুনা-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালে অভ্যুত্থানের পর থেকে তিনি নিরুদ্দেশ।



