চলন্ত ট্রেনের ছাদ থেকে যুবককে ফেলে দিল ছিনতাইকারীরা

প্রতীকী ছবি
চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিনতাইকারীদের ধাক্কায় নিচে পড়ে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিমানবন্দর রেলস্টেশন এলাকায় বৃহস্পতিবার বিকালে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আহত যুবকের নাম মো. জুয়েল মিয়া (২০)। তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা থানার অলিপুরা গ্রামে। কৃষক জয়নাল মিয়ার ছেলে জুয়েল বর্তমানে খিলগাঁও বাগিচা এলাকায় কেয়ারটেকারের কাজ করেন।
আহত জুয়েল ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির কনস্টেবল সুমন হাওলাদার জানান, কমলাপুর রেলস্টেশন থেকে বৃহস্পতিবার বিকাল সোয়া চারটার দিকে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ছাদে চড়ে বাড়ির উদ্দেশে রওনা দেন জুয়েল। ট্রেনটি বিমানবন্দর স্টেশনের কাছাকাছি পৌঁছানোর পর ৭-৮ জন ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। এ সময় তার কাছে থাকা নগদ দুই থেকে তিন হাজার টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা তাকে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে ফেলে দেয়।
এই ঘটনায় তার বাম পা ভেঙে গেছে এবং ডান হাত ও মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। পরে পথচারীদের মাধ্যমে খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ তাকে উদ্ধার করে সন্ধ্যায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে।
ঘটনা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আহত যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সংশ্লিষ্ট রেলওয়ে থানা পুলিশকে এ বিষয়ে জানানো হয়েছে।



