চিকিৎসার জন্য ঢাকায় এসে প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম খান (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন আজমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সকাল সোয়া ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শফিকুল ইসলাম খানের গ্রামের বাড়ি ঝিনাইদহ সদর এলাকায়। তার বাবার নাম নিজাম উদ্দিন।
নিহতের শ্যালিকা রুবিয়া খাতুন জানান, চোখের চিকিৎসার জন্য শফিকুল ইসলাম খান তার সঙ্গে ঢাকায় আসছিলেন। তাদের এলাকার আরও পাঁচজন একই গাড়িতে করে ঢাকায় আসেন। ভোরে আজমপুর এলাকায় গাড়ি থেকে নামার পর তারা সবাই রাস্তার এক পাশে অবস্থান করছিলেন। এ সময় শফিকুল একাই রাস্তার অপর পাশে যাওয়ার চেষ্টা করলে একটি গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে যান। তবে কোন যানবাহনের ধাক্কায় তিনি আহত হয়েছেন কিংবা কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা কেউ বলতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



