আবারও গুলিস্তানে উচ্ছেদ অভিযান, হকারদের কঠোর বার্তা ডিএসসিসির

রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে আবারও গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সচিবালয় এলাকা থেকে কাকরাইল মোড় হয়ে সদরঘাট পর্যন্ত মূল সড়কে কোনো হকারকে বসতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম। একই সঙ্গে চাঁদাবাজ ও লাইনম্যানদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানালেন প্রশাসক। বললেন, এ শহরে তাদের কোনো ঠাঁই হবে না।
আজ রবিবার দিনভর গুলিস্তান এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নিজেই অংশ নেন ডিএসসিসি প্রশাসক। সচিবালয় এলাকার জিরো পয়েন্টে হকারদের উচ্ছেদ করার পাশাপাশি দোকানের সীমানার বাইরে রাখা মালামাল ও স্থাপনা অপসারণ করে গাড়িতে তুলে নেওয়ার নির্দেশ দেন তিনি।
উচ্ছেদে কতটা সমাধান?
১২ অক্টোবর ২০২৬
ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও সবুজ করে গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার ওপর জোর দিচ্ছে ডিএসসিসি। প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, কাকরাইল মোড় থেকে সদরঘাট পর্যন্ত মূল সড়কে কোনো অবৈধ দোকান থাকতে দেওয়া হবে না।
তিনি আরও জানান, সিটি করপোরেশনের লাইসেন্সধারী হকাররা নির্দিষ্ট শর্ত মেনে ফুটপাতে ব্যবসা করতে পারবেন। তবে অনুমোদিত সীমার বাইরে দোকান বসানো বা নির্দেশনা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে মালামাল জব্দ করার পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সড়কে শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসির এ অভিযানকে প্রশংসনীয় মনে করলেও স্থায়ী সমাধানের দাবি হকারদের।
এর আগেও একাধিকবার গুলিস্তান এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তবে অভিযান শেষে আবারও ফুটপাত ও সড়কের বিভিন্ন অংশে হকারদের বসতে দেখা যায়।





