প্রতিমন্ত্রী আমিনুল
মানুষের উন্নয়ন করাই সরকারের মূল লক্ষ্য

সংগৃহীত ছবি
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ‘জনগণের প্রত্যাশা পূরণ করেই তাদের ভোটে আগামী স্থানীয় সরকার নির্বাচনে জয়ী হতে চায় বিএনপি। এ জন্য নেতা-কর্মীদের জনগণের পাশে থেকে তাদের মতামত নিয়ে কাজ করতে হবে।’
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর মিরপুর-১২ নম্বর বিআরটিসি বাসস্ট্যান্ডে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৬ আসন বিএনপি আয়োজিত এক বর্ণাঢ্য র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমিনুল হক বললেন, ‘আমাদের মূল লক্ষ্য এ দেশের সাধারণ মানুষের সত্যিকারের উন্নয়ন করা। জনগণের যে প্রত্যাশা রয়েছে, তা পূরণ করেই আমরা স্থানীয় সরকার নির্বাচনে জয়লাভ করতে চাই।’
নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘কোনো দুষ্কৃতকারী বা অন্যায়কারীকে বিএনপি প্রশ্রয় দেবে না। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’
নিজ এলাকার উন্নয়ন প্রসঙ্গে আমিনুল হক বলছিলেন, ‘যেসব এলাকায় পানির পাম্প প্রয়োজন, সেখানে দ্রুত পানির পাম্প স্থাপনের কার্যক্রম নেওয়া হয়েছে। রাস্তাঘাট, স্কুল-কলেজসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নকাজও শুরু হয়েছে।’
মিরপুরে হাসপাতাল নির্মাণের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘বৃহত্তর মিরপুরে একটি হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তার কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিগগিরই মিরপুরে একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’







