তথ্য ও সম্প্রচার মন্ত্রী
তথ্যের অবাধ প্রবাহে বৃদ্ধি পাচ্ছে অপতথ্যের প্রচার

সংগৃহীত ছবি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জাতীয় সংসদে তথ্য অধিকার আইন সংশোধন অধ্যাদেশ স্থগিত রাখার পেছনে রয়েছে সুনির্দিষ্ট কিছু কারণ। বর্তমানে তথ্যের অবাধ প্রবাহের কারণে বৃদ্ধি পাচ্ছে অপতথ্যের প্রচারও।
রবিবার (১২ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য অধিকার ফোরামের কোর গ্রুপের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেছেন।
অপতথ্যের প্রচাররোধে মন্ত্রীর পরামর্শ, ‘তথ্য নিশ্চিত করার পাশাপাশি এর দায়িত্বশীল ব্যবহারের বিষয়টিও আমাদের দেখতে হবে গুরুত্বের সঙ্গে।’
‘মোর ইনফরমেশন, মোর ট্রুথ- এজন্য তথ্যের প্রবাহ নিশ্চিত করা জরুরি। তবে এক্ষেত্রে তথ্য কমিশনের প্রাতিষ্ঠানিক চরিত্র কীভাবে রক্ষা করা যায়, সেটিও ঠিক করতে হবে আমাদের’, যোগ করেন জহির উদ্দিন স্বপন।
শুধু তথ্যের প্রবাহ বাড়ানোই যথেষ্ট নয় বলে তিনি মন্তব্য করেন। মন্ত্রীর ভাষ্য, ‘তথ্য অধিকার আইনের সঙ্গে সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের মতামত ও সুপারিশ নিয়ে প্রণয়ন করা হবে একটি কার্যকর আইন।’
তিনি তথ্যের ফ্যাক্ট চেকিং ও স্ক্রিনিং প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ করেন। আশ্বস্ত করেন, আইন প্রণয়নের এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সব অংশীজনকে যুক্ত করার কথা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ ছাড়া আলোচনায় অংশ নেন টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, তথ্য সচিব মাহবুবা ফারজানা এবং এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।

