রামপুরায় দুই বাসের পাল্লাপাল্লিতে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় দুই বাসের পাল্লাপাল্লির মধ্যে পড়ে মো. শহীদুল্লাহ (৩৭) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাইদা পরিবহনের একটি বাস জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকের ঘটনা এটি। গুরুতর আহত অবস্থায় শহীদুল্লাহকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সোয়া ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শহীদুল্লাহর ছোট ভাই জুয়েল রানা জানান, তার বড় ভাই কুয়েত মৌসুমী ইন্ডাস্ট্রিজের ইলেকট্রিশিয়ান ছিলেন। গত শনিবার তিনি ট্যুরে চীন গিয়েছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেশে ফিরেন।
জুয়েল রানা আরও জানান, দুপুরে বাসায় যাওয়ার উদ্দেশ্যে শহীদুল্লাহ রামপুরা ব্রিজ এলাকায় একটি বাস থেকে নামেন। এ সময় রাইদা পরিবহনের বাসসহ দুটি বাসের পাল্লাপাল্লির মধ্যে পড়ে তিনি চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। পরে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তিনি বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতে ময়নাতদন্ত ছাড়াই শহীদুল্লাহর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত শহীদুল্লাহ ডেমরার নড়াইবাগ এলাকার বাসিন্দা হারুন অর রশিদের ছেলে।




