পর্ন ভিডিও বানিয়ে অনলাইনে বিক্রি, নারীসহ গ্রেপ্তার ২

গ্রাফিকস: আগামীর সময়
বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পর্নোগ্রাফি তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে এক তরুণীসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
গ্রেপ্তাররা হলেন– সুমাইয়া সাঈদ (২৫) ও খাজা সাকলাইন ফারুক (৩০)।
আজ বুধবার ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তরিকুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি জানিয়েছেন, একটি চক্র পর্নোগ্রাফি ভিডিও ও ছবি তৈরি করে ইনস্টাগ্রাম, টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিত। পরে নির্দিষ্ট টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেলের মাধ্যমে এসব কনটেন্ট অর্থের বিনিময়ে বিক্রি করা হত। গ্রাহকের কাছ থেকে টাকা নিতে বিকাশ ও নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসাব ব্যবহার করা হত।
অনুসন্ধানের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে ডিবি। এরপর অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় একটি আইফোন ও একটি ওয়ানপ্লাস মোবাইল।
জিজ্ঞাসাবাদে ওই নারীর কাছ থেকে তার এক সহযোগীর তথ্য পাওয়া যায়। পরে একই দিন বাড্ডা লিংক রোড এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ডিবি জানিয়েছে, জিজ্ঞাসাবাদ ও জব্দ করা ফোনের তথ্য বিশ্লেষণ করে তাদের বিরুদ্ধে আসা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ কার্যক্রমের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য জানা গেছে। তাদের শনাক্ত করতে কাজ চলছে।
এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।







