মাটির পাত্রে আড়াই কেজি স্বর্ণ, আনসারের নজরে ধরা

রাসায়নিকের আড়ালে লুকিয়ে রাখা প্রায় আড়াই কেজি বা ২১৫ ভরি স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দরের আনসার সদস্যরা। ছবি: সংগৃহীত
মাটির তৈরি পাঁচটি পাত্রের ভেতরে রাসায়নিকের আড়ালে লুকিয়ে রাখা প্রায় আড়াই কেজি বা ২১৫ ভরি স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দরের আনসার সদস্যরা। চীন থেকে আসা এক চীনা নাগরিকের কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। রবিবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-১ এলাকায় ঘটে এ ঘটনা।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব। তিনি জানান, দায়িত্ব পালনের সময় ওই যাত্রীর সঙ্গে থাকা পাঁচটি মাটির তৈরি পাত্র দেখে আনসার সদস্যদের সন্দেহ হয়। তল্লাশির একপর্যায়ে পাত্রগুলোতে অস্বাভাবিকতা ধরা পড়ে। পরে পাত্রগুলো জব্দ করেন তারা।
বিষয়টি তাৎক্ষণিকভাবে কর্তব্যরত পিসি মো. আনিসুর রহমানকে জানানো হয়। তিনি বিষয়টি শিফটে দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রশিক্ষক ওমর ফারুককে অবহিত করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা সামগ্রী বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
পরে স্বর্ণকারের সহায়তায় পাঁচটি মাটির পাত্র আগুনে পোড়ানো হয়। পাত্রগুলো পুড়লে রাসায়নিকের আড়ালে লুকিয়ে রাখা স্বর্ণ আলাদা হয়ে বেরিয়ে আসে। পরে গণনা ও ওজন করে পাঁচটি স্বর্ণের বার বা বিস্কুট পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন আনুমানিক ২ দশমিক ৫ কেজি, যা প্রায় ২১৫ ভরি।
সংশ্লিষ্টরা জানান, সাধারণ চোখে যাতে পাত্রগুলোর ভেতরে থাকা স্বর্ণের অস্তিত্ব বোঝা না যায়, সে জন্য বিশেষ কৌশলে রাসায়নিকের সঙ্গে স্বর্ণ লুকিয়ে রাখা হয়েছিল। এ কারণে বাইরে থেকে পাত্রগুলো দেখতে ছিল একেবারেই স্বাভাবিক।




