বৈশ্বিক সংযোগ বাড়াতে শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট

ছবি: আগামীর সময়
বৈশ্বিক পর্যটন মানচিত্রে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে ২০টির বেশি দেশের অংশগ্রহণে আগামী ৩ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম)- ২০২৬’। বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের (বোটোয়া) উদ্যোগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক মেলা চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।
আজ শনিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ মেলার ঘোষণা দেওয়া হয়। আয়োজকরা জানান, মেলায় ভারত, চীন, সিঙ্গাপুরসহ ২০টি দেশের ট্যুর অপারেটর এবং ১৩০টির বেশি এক্সিবিটর অংশ নেবেন। আশা করা হচ্ছে, পর্যটন নির্ভর এই মেলায় তিন দিনে প্রায় ১৫ হাজার দর্শনার্থীর সমাগম ঘটবে। মেলার প্রবেশমূল্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া দর্শনার্থীদের জন্য মেলায় প্রতিদিন থাকছে আকর্ষণীয় র্যাফেল ড্র।
সংবাদ সম্মেলনে বোটোয়ার সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ বললেন, ‘তুলনামূলক নতুন সংগঠন হলেও প্রথমবারের মতো আমরা এই আন্তর্জাতিক মেলার আয়োজন করছি। এর মাধ্যমে দেশের ভ্রমণপিপাসুরা যেন সাশ্রয়ী মূল্যে ভালো প্যাকেজ ও সব ধরনের সুবিধা পান, তা নিশ্চিত করা হবে।’
মেলায় আসা বিদেশি পর্যটক ও অপারেটরদের সঙ্গে দেশীয় অপারেটরদের মতবিনিময়ের মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশকে তুলে ধরার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ বললেন, ‘বোটোয়া মূলত আউটবাউন্ড পর্যটন শিল্পের সংগঠন। তবে সংস্থাটি দেশের ইনবাউন্ড পর্যটনের সম্প্রসারণ, আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ, পর্যটন খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিংয়ের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।’
মেলার চিফ কো-অর্ডিনেটর মহসীন ইকবাল জানালেন, এবারই প্রথম মেলায় বিজনেস-টু-বিজনেস (বিটুবি) ও বিজনেস-টু-কনজিউমার (বিটুসি) কার্যক্রম পৃথক হলে অনুষ্ঠিত হবে। বিটুবি প্ল্যাটফর্মে বিদেশি হোস্টেড বায়ারদের উপস্থিতিতে বিভিন্ন দেশের পর্যটন বোর্ড, এয়ারলাইন্স ও ট্যুর অপারেটরদের মধ্যে ব্যবসায়িক সংযোগ ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে। এ ছাড়া সাধারণ দর্শনার্থীদের জন্য বিটুসি প্ল্যাটফর্মে থাকছে আকর্ষণীয় দেশি-বিদেশি ভ্রমণ প্যাকেজ, উড়োজাহাজের টিকিট, হোটেল বুকিং ও ভিসা সেবাসহ নানা অফার।




